রাজশাহীতে গান পাউডার উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল উপজেলার বিজয়নগর এলাকায় এ অভিযান চালায়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায়, ঘটনাস্থলে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ও একটি লাল শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগ দুটি তল্লাশি করে সেখান থেকে বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া। র্যাবের ধারণা, এসব উপকরণ নাশকতামূলক কর্মকা-ে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব।



