শর্ত মানলে সংঘাত অবসানে ইরানের ‘সদিচ্ছা’ রয়েছে: মাসুদ পেজেশকিয়ান

প্রবাহ রিপোর্ট ঃ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে ইরানের ‘সদিচ্ছা’ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময় এ মন্তব্য করেন পেজেশকিয়ান। বিবিসি জানিয়েছে, ওই খবর প্রকাশিত হওয়ার পর তা মার্কিন শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাজারে এ মন্তব্য আশার আলো দেখালেও সংশয় কাটছে না। মাসুদ পেজেশকিয়ান একজন মধ্যপন্থি নেতা হিসেবে পরিচিত কিন্তু তার প্রেসিডেন্টের পদটি কার্যত কট্টরপন্থি আলেমদের অধীন হওয়ায় ইরানের অবস্থান নিয়ে পরিষ্কার আশাবাদ দেখছেন না অনেকে। তাছাড়া যুদ্ধ শেষ করার ‘সদিচ্ছা’র দাবির সঙ্গে কঠোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে, বিশেষ করে পেজেশকিয়ান নিশ্চয়তা দাবি করেছেন যে, ভবিষ্যতে পুনরায় কোনো সংঘাত শুরু হবে না। গত সপ্তাহে আমেরিকার ১৫ দফার শান্তি পরিকল্পনার জবাবে ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাতেও ‘আগ্রাসনবিরোধী নিশ্চয়তা’র বিষয়টি ছিল। এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর-আইআরসিজি পাল্টা আঘাতের পরিধি বাড়িয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার নতুন হুমকি দিয়েছে। সূত্র: বিবিসি।



