ইসরায়েলে তৃতীয়বারের মতো হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রবাহ রিপোর্ট ঃ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, এটি ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি অভিযান ছিল। এক বিবৃতি হুতি বাহিনী জানায়, চলমান সংঘাতে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলা ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা তৃতীয় সামরিক অভিযান পরিচালনা করেছে… যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়েছে। ইসরায়েল যদি লেবানন, ইরান, ইরাক, অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে আরও বড় মাত্রায় উত্তেজনা বৃদ্ধির হুঁশিয়ারিও দিয়েছেন হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেন থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জানানোর তিন ঘণ্টা পর হুতি বাহিনীর এই বিবৃতি এসেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান।



