মৌলভীবাজারে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে জমির পানিতে খেলতে গিয়ে ডুবে একই পরিবারের তিন শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তাদের নাম জিসান আহমেদ (১২), ইমাদ আহমেদ (৯) এবং লাবিব আহমেদ (৭)। বুধবার (১ এপ্রিল) বিকেলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা বাংলানিউজকে এ তথ্য জানান। ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলো সুরতহাল করেছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহগুলো ময়নাতদন্ত করা হয়নি। পারিবারিক সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে টইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিকে কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে। এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয় বাসিন্দারা ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাদের মৃত্যু হয়। কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।



