ইতালির ফুটবল ফেডারেশন প্রধানকে পদত্যাগের আহ্বান জানালেন ক্রীড়ামন্ত্রী

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ দাবি করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি। মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে ইতালি আবারও বিশ্বকাপের টিকিট হারায়। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপেও তাদের দেখা যাবে না। এ নিয়ে পরপর তিনবার বিশ্বকাপে অংশ নিতে পারছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। যদিও ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)-এর সভাপতি গ্যাবিয়েল গ্রাভিনা জানিয়েছেন, পদ ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। তবে আগামী সপ্তাহের বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। ক্রীড়ামন্ত্রী আবোদি বলেন, ইতালিয়ান ফুটবলকে নতুনভাবে গড়ে তুলতে হলে শীর্ষ পর্যায় থেকেই পরিবর্তন আনতে হবে। ২০১৮ সালে দায়িত্ব নেওয়া গ্রাভিনা কার্লো টাভেক্কিওর স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছিলেন। একটি সূত্র জানিয়েছে, গ্রাভিনা বৃহস্পতিবার দেশের তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারিদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে রোমে ফেডারেশনের সদর দপ্তরের সামনে কিছু ক্ষুব্ধ সমর্থক ডিম ছুড়ে প্রতিবাদ জানান। প্লে-অফে হারের পর গ্রাভিনা অভিযোগ করেন, ফুটবল খাত যথেষ্ট রাষ্ট্রীয় সহায়তা পাচ্ছে না এবং স্বীকার করেন যে ইতালিয়ান ফুটবল বর্তমানে সংকটে রয়েছে। পাশাপাশি তিনি অন্য খেলাধুলাকে ‘অ্যামেচার’ বলায় সমালোচনার মুখে পড়েন। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইতালি শীতকালীন অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ফলে আবোদি বলেন, ব্যর্থতার দায় রাষ্ট্রের ওপর চাপানো এবং অন্য খেলাধুলার গুরুত্ব খাটো করে দেখা ঠিক নয়। অন্যদিকে, অলিম্পিক স্বর্ণজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেসকা লোরোব্রিগিডাও এ মন্তব্যের কটাক্ষ করে প্রতিক্রিয়া জানান।



