বাগেরহাটের ফকিরহাটে অপহৃত শিশু খুলনা থেকে উদ্ধার : একজন আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট থেকে অপহরন করে নেয়া রাফছা নামের ১৮ মাস বয়সী একজন শিশুকে উদ্ধার করেছে খুলনা র্যাব-৬ এর সদস্যরা। আর এ অপহরন ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামের একজন কে বুধবার রাতে খুলনা সদর থেকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিশু রাফছা আক্তার ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। অপহরণের অভিযোগে গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার সকালে জানান, ‘বুধবার বেলা ১১টার দিকে তার প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী রাফছা কে কোলে নেওয়ার কথা বলে তাদের বাসায় নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তী সময় শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকি দেয়। বিষয়টি নিয়ে খুলনা র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার নয়ন কে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



