রূপসায় মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী অপহরণ : আন্দোলনের মুখে মুক্তি

রূপসা প্রতিনিধি : পূর্ব রূপসা বাজারের শামীম নামে একজন কাঁচামাল ব্যবসায়ী অপহরণ হয়েছে। গত পরশু বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন বটতলা মোড়ে পৌঁছালে তিন ব্যক্তি তাকে অপহরণ করে। পরে আরও এক অপহরণকারী ওই দলে যুক্ত হয়। ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে রাতভর আটকে রাখে। এদিকে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা দোকানপাট ও রূপসাঘাট বন্ধ রেখে আন্দোলন করতে থাকলে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।অপহরণকারীদের মধ্যে বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ মীরের দোকানের কর্মচারী অনিমেষ ও মসজিদ মার্কেটের ব্যবসায়ী টিপু সরাসরি জড়িত রয়েছে বলে ওই ব্যবসায়ী জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ৫/৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়ী শামীম জানায়, সে ও তার ভাই মইন দোকানের কাজ শেষে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শ্রীরামপুর বাড়ির দিকে রওনা হয়। রাত পৌনে দুইটার দিকে তারা তিন বটতলা নামক স্থানে পৌঁছালে বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ মীরের কাপড়ের দোকানের কর্মচারী অনিমেষ ও মসজিদ মার্কেটের ব্যবসায়ী টিপুসহ তিনজন তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে অপহরণ করে পূর্ব রূপসার দিকে আনতে থাকে। কিছুদূর আসার পর আরো একজন অপহরণকারী ওই দলে যুক্ত হয়। এরপর তার চোখ বেঁধে ফেলা হয়। রাতভর তাকে একটি ঘরে আটক রেখে অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। একপর্যায়ে তিন লাখ টাকায় দফারফা হয়। তবে টাকা প্রদানের আগেই বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দের আন্দোলনের মুখে শুক্রবার সকাল নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে তার পকেটে থাকা আনুমানিক ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা।এদিকে শামীমকে ছেড়ে দেওয়ার পর সকালে অপহরণকারী অনিমেষ ও টিপু যতারীতি দোকানদারি করলে বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ অথবা পুলিশ তাদের আটক বা জিজ্ঞাসাবাদ করেনি। ঘটনার সাথে বণিক সমিতির সভাপতির কর্মচারি ও অপর এক ব্যবসায়ী জড়িত থাকায় বিষয়টি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালানো হচ্ছে বলে সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ তুলেছে।
এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি সিরাজ মীর ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন বলেন, ব্যবসায়ী শামীম অপহরণের সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এব্যাপারে জানার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রূপসা থানার অফিসার ইনচার্জ মীর আব্দুর রাজ্জাকের সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন ধরেননি। তবে থানার ডিউটি অফিসার এসআই রুমি বলেন, এঘটনায় শামীম নামে এক ব্যক্তি ৫/৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। তবে এপর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


