কুয়েতের পানি শোধনাগারে হামলায় ইসরায়েলকে দুষছে ইরান : জানাল নিন্দাও

প্রবাহ রিপোর্ট ঃ কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলার নিন্দা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা এটিকে ইসরায়েলি হামলা বলে অভিহিত করেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতি কর্তৃপক্ষ একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে হামলার খবর জানিয়েছে। বিবৃতিতে এ ঘটনাকে একটি ‘অপ্রচলিত ও অবৈধ হামলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি বেসামরিক অবকাঠামোতে হামলার জন্য তারা সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে। আইআরজিসি জানিয়েছে, ‘কুয়েতের পানি শোধনাগারগুলোতে জায়নিস্ট শাসনের এই অপ্রচলিত ও অবৈধ হামলা তাদের হীনম্মন্যতা ও নিকৃষ্টতার পরিচয়। রেভল্যুশনারি গার্ড এই অমানবিক কাজের তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা ঘোষণা করছি যে, এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ও তাদের সেনারা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে জায়নিস্টদের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো আমাদের লক্ষ্যবস্তুতে রয়েছে। এর আগে কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়েছে বলে কুয়েতি কর্তৃপক্ষ জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের ৩৫তম দিনে উপসাগরীয় দেশগুলো ইরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলার সম্মুখীন হচ্ছে। কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের ঠিক আগে ওই প্ল্যান্টে হামলা চালানো হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, এ হামলার কয়েক ঘণ্টা আগে ভোরে মিনা আল-আহমাদি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। এতে শোধনাগারের বেশ কিছু ‘অপারেশনাল ইউনিটে’ আগুন লেগে যায়। তবে কোনো কর্মী হতাহত হননি। কুনা আরও জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা ও অগ্নিনির্বাপক দল পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা।



