চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই : নাভিশ্বাস জনজীবনে

# রাস্তার পিচ গলে যাচ্ছে #
প্রবাহ রিপোর্ট ঃ চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচ- গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জীবনে। শুক্রবার সকাল থেকেই সূর্যের তীব্র তাপ আর গরম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জনপদ। দুপুর গড়াতেই তাপমাত্রা আরো বেড়ে যায়। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেককেই ছায়ার খোঁজে রাস্তার পাশে কিংবা দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহে জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতেও গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।



