জাতীয় সংবাদ

২৪ ঘন্টায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। পুলিশ জানায়, গত ৩১ মার্চ রাতে পোরশা উপজেলার সন্নাইগাছি-খাটাপাড়া সড়কের ফকিরের মোড় এলাকায় রশি টেনে রাস্তা অবরোধ করে ডাকাতরা। পরে দুটি মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ প্রায় ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং দুটি ১৯০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, মাস্ক, রশি, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার গোলাম মোস্তফা ওরফে শ্যামল (৫৫), সাপাহার উপজেলার আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩) এবং মহাদেবপুর উপজেলার মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button