জাতীয় সংবাদ

ইরানের আকাশে ফের মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক ‘এফ-৩৫’ (ঋ-৩৫) স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্য ইরানের আকাশে তাদের নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় এই যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম তসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটি মার্কিন বিমানবাহিনীর লেকেনহিথ স্কোয়াড্রনের ছিল। আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের দাবি, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে বিমানটিকে লক্ষ্যবস্তু বানায়, যার ফলে এটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়। আইআরজিসি’র বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন যুদ্ধবিমান যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিকারে পরিণত হলো। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এবং এর ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বিমানের চালকের (পাইলট) ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরান ও ইসরায়েল-মার্কিন জোটের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরান দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এদিকে, মার্কিন পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ড (ঈঊঘঞঈঙগ) থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক গোষ্ঠী বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত ১৯ মার্চেও ইরান একটি এফ-৩৫ বিমানকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল, যা পরবর্তীতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল বলে খবর পাওয়া যায়। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং এই সর্বশেষ ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button