রাজধানীতে গাড়ির চাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের সড়কে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। নিহতকে হাসপাতালে নিয়ে আসা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, রাতে খবর পেয়ে বঙ্গভবনের সামনের সড়কে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।



