জাতীয় সংবাদ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রবাহ রিপোর্ট ঃ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকেই মাঠে কাজ শুরু করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করে বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, তারা শুধু নির্বাচনকালীন আইনশৃঙ্খলা দেখভাল করবেন। গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে, বিজিবি সদস্যরা নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়। নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বদ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনে শপথ গ্রহণ করলে নির্বাচন কমিশন বগুড়া-৬ (সদর) আসনটি শূন্য ঘোষণা করে। পরে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুসারে আগামী ৯ এপ্রিল এ উপনির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। আশা করা হচ্ছে, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে ভোটাররা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button