২২ দিনে হাম উপসর্গে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন

২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
প্রবাহ রিপোর্ট : দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। এড়াছা গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হয়েছে ১০ জনের, আক্রান্ত হয়েছে ৯৭৪ জন। রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩২৫৯ জন শিশু, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।
মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ৫৫ জন। এরপরই আছে ঢাকা বিভাগ, ১০ জন। এ সময় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মৃত্যুর কোনো ঘটনা নেই।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু : দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৭৪ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬১০ জনে। একই সময়ে মারা গেছে ১১৩টি শিশু।
সংক্রমণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২৯। বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা পাঁচ হাজার ৪৭০ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ৩৮০টি শিশু।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৯২ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৯৫ জন) ও রাজশাহী (১২৪ জন)।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে দুইজনের হাম নিশ্চিত ছিলো এবং বাকি আট জন উপসর্গ নিয়ে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৩ জন।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় শনাক্ত ৩৯২, চট্টগ্রামে ১৯৫, রাজশাহীতে ১২৪, খুলনায় ৮২, বরিশালে ৪৯, সিলেটে ৪৬, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৭ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



