জাতীয় সংবাদ

হাসিনা-কাদের-কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই আন্দোলনে ট্রাকচালক সুজন হত্যা

প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত ১১ মার্চ সংশ্লিষ্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ।
রোববার (৫ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের নির্দেশনা, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে দেশজুড়ে অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহমেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ সংশ্লিষ্টরা।
এ ছাড়া অভিযোগপত্রভুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ অনেকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চূড়ান্তভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button