স্থানীয় সংবাদ

সন্দেহভাজন রোগী ৩৩৭ : এক শিশুর মৃত্যু

# খুলনা বিভাগে হামের প্রকোপ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগজুড়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ জন এবং মৃত্যুর ঘটনা ঘটেছে ১টি।
সোমবার ( ৬ এপ্রিল) স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হামের পরিসংখ্যানে দেখা গেছে, বিভিন্ন জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ ও অন্যান্য স্বাস্থ্যসেবার আওতায় এসব রোগী শনাক্ত হয়েছে।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে কুষ্টিয়ায়। জেলাটিতে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী রয়েছে, যার মধ্যে নতুন শনাক্ত ২৫ জন। এছাড়া যশোরে ৫৭ জন এবং খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায়ও ৫৭ জন রোগী শনাক্ত হয়েছে।
বাগেরহাটে মোট ১৭ জন, চুয়াডাঙ্গায় ৪ জন, ঝিনাইদহে ১৩ জন, খুলনা জেলায় ৫ জন, মাগুরায় ২৮ জন, মেহেরপুরে ১৮ জন, নড়াইলে ১৭ জন এবং সাতক্ষীরায় ২০ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।
এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল (কেএমসিএইচ)-এ গত রোববার রাতে হামে আক্রান্ত সন্দেহে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাটি সোমবার প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি। একইসঙ্গে আক্রান্তদের দ্রুত শনাক্ত ও পৃথকীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: মুজিবুর রহমান জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button