খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা

# নিয়মবর্হিভূত ব্যবসা পরিচালনার জন্য কঠোর হুশিয়ারী #
# বাজার সমূহে নিয়মিত অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের #
স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কর্তৃক সোমবার (৬ এপ্রিল) ভোক্তা অধিকারের ৬ টিমের তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ এপ্রোচ রোড এলাকায় অভিযান চালিয়ে সকাল থা বিউটি বার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেন্ট হিলারি ডিপার্টমেন্টাল স্টোর মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় কররা অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মিঠাই ঘর কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেহেক মেডিসিন কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৫ হাজার টকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে চিতলমারী উপজেলার চিতলমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে আকবর স্টোরকে অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে ৮ হাজার টাকা এবং গোবিন্দ স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুল স্টোর কে মুল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে কেশবপুর উপজেলার ভেরচি বাজার এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দ ঘোষের দুধের কারখানা কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্যে উৎপাদন করার অপরাধে হাজার টাকা এবং অপু ঘোষের দুধের কারখানা কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজার সমূহে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।



