বিনোদন

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে আনুষ্ঠানিক যাত্রা শুরু নুহাশ হুমায়ূনের

প্রবাহ রিপোর্ট ঃ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জ্যেষ্ঠপুত্র নির্মাতা নুহাশ হুমায়ূন দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির পর অবশেষে শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার শুটিং। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ঢাকার ভিন্ন লোকেশনে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন এ তরুণ নির্মাতা। একটি সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে থেকেই ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে কাজ করে আসছেন নুহাশ হুমায়ূন। নানা পরিকল্পনা, গবেষণা এবং সময়োপযোগী প্রস্তুতির মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়েছেন সেই প্রজেক্টটিকে। বিশেষ করে এ সিনেমাটি নির্মাণ শুরুর আগেই বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। ২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে বড় অঙ্কের তহবিল পাওয়ার পাশাপাশি এটি ভারতের ‘ফিল্ম বাজার’, কানের ‘মার্শে দ্যু ফিল্ম’ এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবের মতো নামকরা প্ল্যাটফর্মগুলো থেকে নানাভাবে সহযোগিতা ও অনুদান পেয়েছে‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটি। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুটিং শুরু করেছেন পরিচালক। ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন বাইক রাইডারের সংগ্রাম, স্বপ্ন এবং জীবনযুদ্ধ লড়াই কেন্দ্র করে। এ সম্পর্কে নুহাশ হুমায়ূন বলেন, এটি কেবল একটি ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়; বরং এর ভেতর দিয়ে উঠে আসবে সমসাময়িক বাস্তবতা, তরুণ প্রজন্মের লড়াই এবং সমাজের নানা ঘটনা। ‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটির প্রযোজনায় আছে ‘গুপী বাঘা’। এ প্রযোজনা প্রতিষ্ঠানটি এপ্রিলের শুরুতে সামাজিক মাধ্যমে একটি বিশেষ কাউন্টডাউন শুরু করেছিল। অবশেষে আট দিনের সেই অপেক্ষার পালা শেষে এখন শুটিং ফ্লোরে সিনেমাটি। নির্মাতা জানিয়েছেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে এ সিনেমার শুটিং। এরপরই শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। ‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটিতে কারা অভিনয় করছেন, সে সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন নির্মাতা। নুহাশ হুমায়ূন বলেন, পুরো শুটিং শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়টি গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। নির্মাতা বলেন, আমরা টানা শুটিং শেষ করতে চাই। এরপর ধীরে ধীরে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button