জাতীয় সংবাদ

ইরান যুদ্ধে ইসরাইল জয়ী, একথা ভাবছেন ৩৩% ইসরাইলি

প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিজয়ী হয়েছে বলে মনে করেন না অধিকাংশ ইসরাইলি নাগরিক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত একাধিক জনমত জরিপে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। একই সঙ্গে দেশটির একটি বড় অংশ বর্তমানে কার্যকর হওয়া যুদ্ধবিরতিরও ঘোর বিরোধী। ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর জরিপে জয়ের ব্যাপারে জনমতের ভিন্নতা লক্ষ্য করা গেছে। চ্যানেল ১৩-এর জরিপ বলছে, মাত্র ৩৩ শতাংশ ইসরাইলি বিশ্বাস করেন যে তারা যুদ্ধে জয়ী হয়েছেন, যেখানে ২৮ শতাংশের মতে প্রকৃত জয় হয়েছে ইরানের। চ্যানেল ১২-এর জরিপে এই জয়ের হার ৩০ শতাংশ এবং কান ১১-এর জরিপে তা আরও কমে মাত্র ২৫ শতাংশে দাঁড়িয়েছে। সবকটি জরিপেই একটি সাধারণ চিত্র ফুটে উঠেছে, অর্ধেকেরও বেশি নাগরিক যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি সমর্থন করেন না, বরং তারা ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। দেশের কৌশলগত অবস্থান নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চ্যানেল ১৩-এর তথ্যমতে, ৩৭ শতাংশ ইসরাইলি মনে করেন যুদ্ধের পর দেশের কৌশলগত অবস্থান উন্নত হয়েছে, তবে প্রায় সমান সংখ্যক অর্থাৎ ৩৪ শতাংশ মানুষ মনে করেন পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। এই জনমত জরিপের ফলাফল ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধরনের এক রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নির্বাচনের বছরে যখন তিনি বারবার ইরানের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের দাবি করছেন এবং মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার অঙ্গীকার করছেন, তখন খোদ নিজ দেশের জনগণের এই অনাস্থা তার নেতৃত্বের ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে। মূলত সামরিক বিজয় এবং কৌশলগত সাফল্যের যে চিত্র সরকার তুলে ধরার চেষ্টা করছে, সাধারণ ইসরাইলিদের ধারণার সাথে তার বড় ধরনের ব্যবধান এই জরিপগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button