স্থানীয় সংবাদ

শিক্ষার্থীদের মেধাকে কাজে লাগিয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুনাম অর্জন করতে হবে : হুইপ বকুল

স্টাফ রিপোর্টার ঃ লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুন্ন রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে। ১১ এপ্রিল বিকেলে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর বয়রাস্থ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে হুইপ বকুল খুলনা সরকারি মহিলা কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন যে, কলেজের নতুন একাডেমিক ভবন, আধুনিক ক্যাম্পাস ও হোস্টেলসহ সামগ্রিক উন্নয়ন কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। এই লক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য বিভাগের একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে দৃষ্টিনন্দন ও আধুনিক ডিজাইনে নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দেন তিনি। হুইপ বলেন, খুব শীঘ্রই এই কলেজের উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট্য ছিল শিক্ষার্থীদের সাথে হুইপের সরাসরি মতবিনিময়। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন বিভাগের ছাত্রীদের মুখোমুখি হয়ে তাদের শিক্ষা জীবনের নানা সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সেসব সমাধানের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভা শেষে তিনি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফ্ফার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. রেজাউল করিম, প্রফেসর শেখ আইরিন মুজিব এবং প্রফেসর মো. রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে একই দিনে বিকাল সাড়ে ৫টায় হুইপ রকিবুল ইসলাম বকুল নগরীর জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button