জাতীয় সংবাদ
মেহেরপুরে ১১ দলের বিক্ষোভ মিছিল

প্রবাহ রিপোর্ট ঃ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১টি রাজনৈতিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে তা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ইকবল হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল গাফ্ফার এবং এনসিপি মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক আরিফ খান বক্তব্য দেন। বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা আরো বলেন, দাবির প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে থাকার আহ্বান জানান।



