জাতীয় সংবাদ

তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

প্রবাহ রিপোর্ট ঃ উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনির ছেলে ও দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১০০ কোটি ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে দাবি করে এক নজিরবিহীন কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক ধারাবাহিক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তার এই দাবিগুলো পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এবং কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ও ব্যবসা থেকে তুরস্ক ব্যাপক মুনাফা অর্জন করছে, অথচ সেখানে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দীর্ঘ দুই দশক ধরে উগান্ডা রক্তক্ষয়ী লড়াই চালিয়ে যাচ্ছে। আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে উগান্ডার এই আত্মত্যাগকে তুরস্ক যথাযথ মূল্যায়ন করছে না দাবি করে তিনি এই ১০০ কোটি ডলারকে ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ বা নিরাপত্তা লভ্যাংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, তুরস্ককে হয় এই অর্থ দিতে হবে অথবা দূতাবাস বন্ধের সম্মুখীন হতে হবে। টাকা এবং বিয়ের দাবির পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার দোহাই দিয়ে তুরস্ক ভ্রমণে সর্তকতা জারি করেছেন। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জানান, ‘পবিত্র ভূমি’ রক্ষায় তিনি নিজের অধীনে এক লাখ সৈন্য মোতায়েন করতে প্রস্তুত। জেনারেল মুহুজি কাইনেরুগাবা এর আগেও এমন অদ্ভুত আচরণের জন্য আলোচনায় এসেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি উন্নত জাতের গাভী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তুরস্কের সঙ্গে এমন খামখেয়ালি আচরণের পর দুই দেশের কূটনৈতিক মহলে এখন চরম অস্বস্তি বিরাজ করছে। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button