স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ ব্যারেল ডিজেল জব্দ : জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফেরদৌস মোড়লের বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ১২শ লিটার ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও ১৬টি খালি ব্যারেল জব্দ করা হয়েছে। এ সময় মো. ফেরদৌস মোড়লকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (১২ এপ্রিল) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যৌথভাবে এই অভিযান চালায়। সাতক্ষীরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল তার মুচলেকায় উল্লেখ করেন, জব্দকৃত ডিজেল কৃষি কাজের জন্য (ভেলু/সেচ মেশিন পরিচালনায়) বৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। তার নিজস্ব প্রায় ৫০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনার জন্য এই জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। তিনি আরও বলেন, পরিবহন ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে তেল যথাসময়ে ব্যবহার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো প্রকার জ্বালানি মজুদ করবেন না মর্মে তিনি অঙ্গীকার করেন। এদিকে চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কৃষিকাজ পরিচালনার জন্য নিয়মিত প্রায় ৭০০ লিটার জ্বালানির প্রয়োজন হয়। এ কারণে নিজেদের প্রয়োজনেই তেল সংরক্ষণ করা হয়েছিল বলে তারা দাবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button