স্থানীয় সংবাদ

রঙিন সাজে সেজেছে কুয়েট, প্রাণের উল্লাসে বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি ঃ উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। কাল (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী এই উৎসব উদ্যাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালনায় এই অনুষ্ঠানমালায় পহেলা বৈশাখের দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। সকাল ৯টায় অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘শত কণ্ঠে বর্ষবরণ সংগীতানুষ্ঠান’। এরপর সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দিনব্যাপী মেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত হবে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে বাউল সঙ্গীত, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, সার্কাস শো, নাগরদোলাসহ বাংলার ঐতিহ্যবাহী অনেক উৎসব। এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলার মাঠে অস্থায়ী মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উক্ত অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ উপস্থিত থাকবেন এবং সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) কার্যালয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button