তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন

প্রবাহ রিপোর্ট ঃ তেল শুধু মহান সংসদে, বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। কামাল হোসেন বলেন, আপনারা জানেন বাংলাদেশে সর্বপ্রথম ৩০ মে ১৯৭৭ সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং ১৯৭৮ সালে সেই গণভোট সংবিধানে সন্নিবেশিত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে আর ২০২৬ সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট তো বৈধ। বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। এই সংস্কার অধিবেশন ১৮০ দিন মেয়াদ, যদি এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করেন স্পিকার আপনি আইনের অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এই মহান সংসদ বিলুপ্ত হয়ে যাবে, যদি সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করা হয়। জ্বালানি তেল প্রসঙ্গে তিনি বলেন, আমি সর্বশেষ তেল নিয়ে কথা বলতে চাই। গতরাতে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না।



