ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে মোল্লাহাট বাজার : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজারে ময়লা-আবর্জনার স্তূপ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ড্রেন তো নয় যেন জীবাণুদের আঁতুরঘর। শনিবার (১৮ এপ্রিল) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ, যা পুরো বাজারজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষ করে মুরগির চান্দি ও মাছের চান্দি এলাকায় দুর্গন্ধের মাত্রা অত্যন্ত বেশি। এ অবস্থায় বাজারে অবস্থান করা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি স্বাভাবিকভাবে কেনাবেচাও ব্যাহত হচ্ছে। ক্রেতারা দ্রুত বাজার ত্যাগ করতে বাধ্য হচ্ছেন, আর বিক্রেতারা স্বাস্থ্যঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরিকল্পিতভাবে বাজারের ড্রেনটি মাটির স্তর থেকে অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে চান্দির ভেতরে জমে থাকা নোংরা বর্জ-পানি স্বাভাবিকভাবে ড্রেনে প্রবাহিত হতে পারছে না। ফলে বাজারের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে ডেঙ্গু ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দুর্গন্ধযুক্ত পানির মধ্যে বসেই মুরগির চান্দিতে মুরগি এবং মাছের চান্দিতে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়রা। এতে জনস্বাস্থ্য যেমন ঝুঁকির মুখে তেমনি খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। স্থানীয় ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। তারা জানান, কাঁচা বাজার থেকে মধুমতি নদী পর্যন্ত একটি ড্রেন থাকলেও তা অপরিকল্পিত নির্মাণের কারণে অকার্যকর হয়ে রয়েছে। ড্রেনটির উচ্চতা সমন্বয় করে সংস্কার করা না হলে পানি ও বর্জ অপসারণ করা সম্ভব না। তাদের দাবি দ্রুত ময়লার স্তূপ অপসারণ, ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে । সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতা ও বিক্রেতারা।



