আন্তর্জাতিক

আর ‘ভালো লোক’ থাকব না, অস্ত্র হাতে ছবি দিয়ে ট্রাম্পের হুমকি

প্রবাহ ডেস্ক : ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন ট্রাম্প।
বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।”
এই পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে দেখা যাচ্ছে তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে এমন কিছু দেখা যাচ্ছে।
গত ২৮ এপ্রিল ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর তাদের মধ্যে টানা ৪০ দিন যুদ্ধ চলেছে। বর্তমানে মার্কিনি ও ইরানিদের মধ্যে যুদ্ধবিরতি চলছে।
এখন দুই দেশ তাদের মধ্যে চুক্তি করার চেষ্টা করছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের মাঝামাঝিতে সরাসরি আলোচনায়ও বসেছিল তারা। কিন্তু এতে কোনো সমাধান আসেনি।
ট্রাম্প যুদ্ধ শুরুর আগে বলেছিলেন, ইরানকে তারা কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবেন না। এই অজুহাত দেখিয়ে হামলা চালান তিনি। কিন্তু ইরানিদের এখন পর্যন্ত এতে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র।
সর্বশেষ ইরান চুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু সেখানে বলা হয়েছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে কথা বলবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাব মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। এরপরই তার কাছ থেকে এমন হুমকি এলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button