ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা : নিহত বেড়ে ৪

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন একজন। সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামলপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮), তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১) এবং সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের মাঝিপাড়া এলাকার তুহুন চন্দ্র দাসের ছেলে তুষার চন্দ্র দাস (১৮)। পুলিশ জানায়, দুপুরে মনতলা সমিতি ঘর এলাকায় জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সিএনজিচালিত একটি অটোরিকশার চাকা ফেটে যায়। এসময় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে হোসনে আরা, শিউলি ও তার শিশু কন্যা রিনতির মৃত্যু হয়। এতে আহত হন তুষার ও তামান্না মুনতাকিন রিয়া। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। রিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশায় ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক জবাইদুল ইসলাম বলেন, আহত অবস্থায় তুষার ও রিয়াকে (৩০) হাসপাতালে আনা হলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



