জাতীয় সংবাদ

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহানগর যুবদল। মঙ্গলবার (৫ মে) সকালে আরডিএ ভবনে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
আরডিএ সূত্রে জানা যায়, কয়েকটি শৌচাগার, দুটি পুরোনো বিলবোর্ড, আরডিএ পার্কের ২৭টি গাছ, ঢাকা লিয়াজো অফিসের পাঁচটি সোলার প্যানেল, ১৪টি ব্যাটারি ও লিফটের ভাঙা যন্ত্রাংশসহ কিছু পুরোনো সামগ্রী বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দাখিলের শেষ সময় ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দরপত্র জমা দিতে এসে দাবি তোলেন- আগে জমা পড়া দরপত্র বাতিল করে শুধু তাদের দরপত্র গ্রহণ করতে হবে। আরডিএ কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করলেও ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু পুলিশের সামনে থেকেই টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডরে চলে যান। পরে বাক্সটি পুলিশকে ফেরত দেওয়া হয়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাক্স ছিনতাইয়ের সময় পুলিশ নির্বিকার দাঁড়িয়ে ছিল। ঘটনাস্থলে ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামসহ আরও কয়েকজনকে দেখা যায়। বাক্স ফেরত পাওয়ার পর দুপুর আড়াইটায় খুলে চারটি গ্রুপে মোট নয়টি দরপত্র পাওয়া যায়। মাত্র আড়াই লাখ টাকার এই সামগ্রী কিনতে প্রায় ৪৫০ জন শিডিউল কিনেছিলেন।
আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, পুলিশের সামনেই দরপত্র বাক্স ছিনতাই হয়েছে। বাক্স থেকে অন্য দরপত্র বের করে দেখা হয়েছে, সেগুলো পরে বাক্সে ঢোকানো হয়েছে কিনা জানি না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, তারা ভুল বুঝে বাক্স নিয়ে গিয়েছিল এবং পরে ফেরত দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শোকজ পাওয়া দুই নেতা হলেন- ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। তাদের ২৪ ঘণ্টার মধ্যে নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি জানান, ব্যাখ্যা শোনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button