জাতীয় সংবাদ

সেবাগ্রহীতা-সেবাদাতার মধ্যে মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়। এসময় প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৫ মে) দুপুরে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছিল, বর্তমানে তা সব সীমা অতিক্রম করেছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন এবং অপরাধ কমাতে ভবিষ্যতে কী উদ্যোগ গ্রহণ করা হবে তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান। ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, এমন জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও সচেষ্ট হতে হবে, যাতে বৈশ্বিকভাবে একটি ইতিবাচক বার্তা দেওয়া যায়। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা রয়েছে, তা প্রতিহত করতে হবে এবং বিশ্বকে জানাতে হবে, বাংলাদেশ সব মত ও সব ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কের কৌশলগত বিষয় উপস্থাপন করেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুর রহমান

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button