ধানক্ষেতে মিলল ৬ বছরের জান্নাতুলের মুখ বাঁধা লাশ

প্রবাহ রিপোর্ট ঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামে নিখোঁজ হওয়ার দুদিন পর জান্নাতুল নামে ছয় বছর বয়সী একটি শিশুর মুখ বাঁধা লাশ পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ৭টার দিকে স্থানীয় এক কৃষক বাড়ির পাশের পরিত্যক্ত ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল (সোমবার) বিকেল থেকে জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই দিন থেকেই পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটিকে। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে আশপাশের পুকুর ও জলাশয়েও তল্লাশি চালানো হয়, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে একটি শিশুর দেহাংশ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। লাশটির বেশিরভাগ অংশ শিয়াল বা অন্য কোনো পশু খেয়ে ফেলেছে। পোশাক দেখে লাশটি জান্নাতুলের বলে শনাক্ত করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে।



