স্কুলে ক্লাস চলার সময় খুলে পড়লো সিলিং ফ্যান : ৫ শিক্ষার্থী আহত

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময় সিলিং ফ্যান খুলে পড়ে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৫ মে) দুপুরে আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্লাস রুমে এ ঘটনা ঘটে। আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আর বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, অল্পের জন্য শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। ক্লাস চলার সময় চলন্ত সিলিং ফ্যান জয়েন্টের পাইপ থেকে খুলে নিচে পড়ে। এ সময় ৫ জন শিক্ষার্থীর মধ্যে কারো মাথায় কারো কানে হাতে হাল্কা আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এ ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। দ্রুত ঝুঁকিপূর্ণ যা আছে মেরামতের ব্যবস্থা করবো।


