বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ক্রিকেটারসহ ৫জন

স্পোর্টস রিপোর্টার : ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে পরিচালিত দীর্ঘ তদন্তে পাঁচজন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল জানান, তদন্তে অন্তত পাঁচজনের বিরুদ্ধে ফিক্সিং ও সংশ্লিষ্ট অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। পাঁচজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তি বড় ধরনের শাস্তির মুখোমুখি হচ্ছেন।
তবে এখনই তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিসিবি জানিয়েছে, শিগগিরই একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে দ-িতদের নাম, অভিযোগ এবং শাস্তির বিস্তারিত জানানো হবে।
বিপিএলের ২০২৫ মৌসুমে একাধিক দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিসিবি। তখনকার সভাপতি ফারুক আহমেদের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন বোর্ডে জমা দেয়।
পরবর্তীতে সেই প্রতিবেদন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করা হয়। তিনি স্বাধীনভাবে প্রতিবেদন যাচাই করে কয়েকজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পান বলে জানা যায়। তবে তদন্তের স্বার্থে তখন কোনো নাম প্রকাশ করা হয়নি।
জানা গেছে, নিষিদ্ধ একজন ক্রিকেটার হলেন অমিত মজুমদার। যিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। বাকিদের নাম এখন পর্যন্ত জানা যায়নি।



