সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে বৃহস্পতিবার সকালে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক হয়েছে। এসময় জব্দ করা হয়েছে আড়াই মণ মাছ ও জাল সহ দুটি নৌকা। পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচরের মাছ ধরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গিয়ে ৫ জেলেকে আটক করেন। এ সময় বনরক্ষীরা আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আঃ সালাম (৩৫). কদমআলী (৪০), জহুরুল হক সরদার (৪৫),আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচরের আদানি গুরগুরিয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে ধৃত জেলেদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


