১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

প্রবাহ রিপোর্ট : দেশে শিশু কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব মাধ্যমের অপব্যবহার বাড়ছে।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি অনেক ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, ভুয়া তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মনন ও মেধার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ হারাচ্ছে। একইসঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে।
এছাড়া ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে অনলাইন গেম ও পর্নোগ্রাফিতে আসক্তি বাড়ছে বলেও উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে অভিভাবকরা ডিজিটাল প্ল্যাটর্ফম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।
এ নোটিশ পাওয়ার আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


