জাতীয় সংবাদ

ফরিদপুরে হামের বিস্তার : ৪ মাসে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০

মাদারীপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের চার মাসে জেলায় ১ হাজার ৬৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাভিত্তিক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে সালথা উপজেলায়। সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ২০ জন। এছাড়া বোয়ালমারীতে ১৪, সদরপুরে ১২, আলফাডাঙ্গায় ১০, ভাঙ্গায় আট, ফরিদপুর সদরে পাঁচ, চরভদ্রাসনে চার, মধুখালীতে তিন ও নগরকান্দায় দুজন রোগী শনাক্ত হয়েছেন। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে দুই হাসপাতালেই রোগীর চাপ বেড়েছে। ফরিদপুর জেনারেল হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন রোগী। আগে ভর্তি ছিলেন আরও ৪০ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৫৫ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ২২৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন এবং পুরোনো রোগী রয়েছেন ৪৬ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ২৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ৬০৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, জেলায় বর্তমানে দুই হাসপাতালে মোট ১৪০ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ না করলে শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হতে পারেন। তাই অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button