টানা তিন বছর ছাড়াল ২০০ বিলিয়ন ডলার : বাণিজ্যে নতুন রেকর্ড চীন ও রাশিয়ার

প্রবাহ রিপোর্ট ঃ বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেও চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। টানা তিন বছর ধরে দুই পরাশক্তির বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইউরেশীয় বিভাগের উপ-পরিচালক মা ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২২৭.৯ বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধির এই ধারা চলতি বছরেও অব্যাহত রয়েছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬১.২ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৭ শতাংশ বেশি। এই অর্জনের মধ্য দিয়ে টানা ১৬ বছর ধরে রাশিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান সুসংহত রাখল চীন। বিশ্লেষকদের মতে, দুই দেশের বাণিজ্যে এখন শুধু জ্বালানি নয়, বরং ইলেকট্রোমেকানিক্যাল এবং উচ্চ-প্রযুক্তি পণ্যের দাপট বাড়ছে। আগামী ১৭ থেকে ২১ মে চীনের হারবিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১০ম চীন-রাশিয়া এক্সপো’। এই মেলায় জ্বালানি, খনিজ সম্পদ, সবুজ উন্নয়ন, ই-কমার্স এবং বায়োমেডিসিন খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর এবং বন্ধুত্বের ২৫ বছর পূর্ণ হতে যাচ্ছে। হারবিনের এই মেলা দুই দেশের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করছে বেইজিং।



