জাতীয় সংবাদ

মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবু অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার মানবো না: ধর্মমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন সহ্য করা হবে না উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবু অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার মেনে নেব না। সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন সহ্য করা হবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবু অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার মেনে নেব না। একইসঙ্গে পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে উদ্যোগ নেবে বলে ইঙ্গিত দেন তিনি। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ভারত তো বিশাল দেশ। উনাদের আমি শ্রদ্ধা করি এজন্য যেহেতু উনাদের দেশে গণতন্ত্রটাকে উনারা খুব লালন করেন। এজন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরও বেশি শ্রদ্ধা করবো উনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের উনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং উনাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তিনি আরও বলেন, তবে আমি একটা কথা বলি, ভারতে কী ঘটছে এটা বড় নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের ওপরে, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে মুসলমানদের ওপর, সেটা নিয়ে আপনারা কোনো কথা বলবেন কিনা- এ প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, অবশ্যই আমরা চেষ্টা করবো। আমরা আমাদের সরকারপ্রধান যিনি আছেন, উনি অবশ্যই চিন্তা করতেছেন। এই ব্যাপারে উনি অবশ্যই কথা বলবেন। বিশ্ব ইজতেমা নিয়ে দুই পক্ষের বিরোধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি ইসলাম সমর্থন করে না। দুই পক্ষ একসঙ্গে কাজ করলে সরকার খুশি হবে। তবে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। ধর্মমন্ত্রী বলেন, একটা জিনিস হলো কী, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায় না। উদ্দেশ্য ভালো থাকলে তখন সম্ভব হয়। এখানে এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারতেছেনা। আল্লাহ পাক উনাদের এই অবস্থা থেকে মুক্তি দিক। আল্লাহ উনাদের মিলার ব্যবস্থা করে দিক এবং একটা সুন্দর আগের মতো অবস্থানে থেকে উনারা যেন তাবলীগের কাজগুলো করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button