জাতীয় সংবাদ

ঢাকায় চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন

প্রবাহ রিপোর্টঃ এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তীতে চাকরিচ্যুত করার ঘটনায় টেলিভিশনটির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা। সোমবার (১১ মে) এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, যে পরিবর্তনের জন্য রাজপথে রক্ত ঝরেছে, সেখানে মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অভ্যুত্থানের পক্ষের কলম সৈনিকদের এভাবে শাস্তি দেওয়া হলে তা নতুন বাংলাদেশের লক্ষ্যকে ব্যাহত করবে। অন্যায়ভাবে চাকরিচ্যুত করা চার সাংবাদিককে পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, কার্যনির্বাহী সদস্য আখতার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ও মানবাধিকার কর্মী নূর খান লিটনসহ অন্যরা। প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করে কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button