সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত

প্রবাহ রিপোর্ট ঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কাংপোকপি জেলায় বুধবার (১৩ মে) এক ভয়াবহ সশস্ত্র হামলায় ৩ জন বিশিষ্ট চার্চ নেতা নিহত হয়েছেন। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের এই অতর্কিত হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। এই নৃশংস ঘটনার পরপরই উত্তেজনায় ফুঁসছে পুরো অঞ্চল এবং ২ নম্বর জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ জারি করা হয়েছে। নিহতরা হলেন থাডৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় নেতা এবং মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের প্রাক্তন সাধারণ সম্পাদক রেভারে- ভি সিতলহাউ, রেভারে- ভি কাইগোলুন এবং যাজক পাওগোলেন। আহতদের মধ্যে রেভারে- এস এম হাওপু এবং রেভারে- হেকাই সিমতেসহ আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, হতাহতরা চুরাচাঁদপুর জেলার লামকা এলাকায় টিবিএ সম্মেলনে যোগদান শেষে দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন। ফেরার পথেই মাঝরাস্তায় ওঁত পেতে থাকা সশস্ত্র দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। ঘটনার তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এর প্রতিবাদে মণিপুরের লাইফলাইন হিসেবে পরিচিত ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এই হত্যাকা-ের প্রতিবাদে কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি এই ঘটনাকে একটি নৃশংস ও কাপুরুষোচিত হামলা হিসেবে বর্ণনা করেছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে দায়ী করেছে। তবে জরুরি চিকিৎসা সেবা, সংবাদমাধ্যম এবং ধর্মীয় অনুষ্ঠানকে এই ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। কুকি ইনপি মণিপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রেভারে- ভি সিতলহাউ সম্প্রতি নাগাল্যান্ড জয়েন্ট ক্রিশ্চিয়ান ফোরামের সাথে শান্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। শান্তি আলোচনার সাথে যুক্ত এমন একজন নিরপরাধ ধর্মীয় নেতার ওপর হামলাকে তারা চলমান শান্তি প্রচেষ্টার ওপর আঘাত হিসেবে দেখছে। থাডৌ নেতা ও বিজেপি মুখপাত্র মাইকেল লামজাথাং থাডৌ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে পুরো অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: এনডিটিভি।



