জাতীয় সংবাদ

সীমান্তে চামড়া পাচাররোধে বিজিবির কঠোর নজরদারি

প্রবাহ রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি। এ কারণে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা তৎপরতা ও চেকপোস্ট কার্যক্রম।
বিজিবি সূত্র জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর এক শ্রেণির চোরাকারবারি সীমান্তের বিভিন্ন অরক্ষিত এলাকা ব্যবহার করে ভারতে গরু ও মহিষের চামড়া পাচারের চেষ্টা চালায়। এতে দেশীয় চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। এ পরিস্থিতি মোকাবেলায় এবার শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিশেষ করে বেনাপোল, পুটখালী, দৌলতপুর, রঘুনাথপুর, শিকারপুর ও আশপাশের সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী খাল, ফসলি জমি ও চোরাই রুটগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি কর্মকর্তারা বলছেন, দেশের চামড়া শিল্প রক্ষায় সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চামড়া পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চামড়া পাচাররোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো চামড়া পাচারের সুযোগ দেওয়া হবে না। স্থানীয় চামড়া শিল্পকে রক্ষা করতে বিজিবি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে সীমান্ত এলাকায় চামড়া পাচার অনেকাংশে কমে আসবে। এতে দেশীয় ট্যানারি শিল্প ও চামড়া ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button