স্থানীয় সংবাদ

মোল্লাহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণ: অর্থের প্রলোভন ও হুমকিতে ঘটনা ধামাচাপার চেষ্টা।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৌতম সমাদ্দার ওরফে গৌর দিগঙ্গা গ্রামের বিশ্ব সমাদ্দারের ছেলে এবং সম্পর্কে ধর্ষিতা শিশুটির মামা অর্থাৎ মা’য়ের চাচাতো ভাই।
রবিবার (৩০ মে) রাত ১১টায় উপজেলার গাওলা ইউনিয়নের দিগঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারটিকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এবং এ ঘটনার পর থেকেই গৌর পালাতক রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দিগঙ্গা গ্রামের বাসিন্দা গৌর সমাদ্দার ওই শিশুকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কান্নাকাটিতে বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।
তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই মাঠে নামে স্থানীয় একটি মধ্যস্থতাকারী মহল। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। একই সাথে ঘটনাটি নিয়ে থানা-পুলিশ না করার জন্য বিভিন্ন ভাবে চাপ দেওয়া হচ্ছে ।
স্থানীয় ইউপি সদস্য ভজন সমাদ্দার সহ এলাকাবাসী জানান, ধর্ষণের মতো একটি জঘন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। অপরাধী যেই হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অর্থের বিনিময়ে এই অপরাধের রফাদফা করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাজী রমজানুল হক জানান, ধর্ষণের শিকার একটি শিশু মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল সুত্র আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে এবং ভুক্তভোগী পরিবারকে থানায় নিয়ে আসে এবং লিখিত এজাহার দায়ের জন্য পরামর্শ দেয়া হয়। ভুক্তভোগীর পিতা পরিবারের সাথে পরামর্শের জন্য সময চেয়ে চলে যায় আর ফিরে আসে না। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিযুক্ত গৌর সমাদ্দারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button