জাতীয় সংবাদ

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

প্রবাহ রিপোর্ট : হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে । সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যা দেখছি যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।
তিনি বলেন, আমরা গোলাপগঞ্জে যাবো এখন, আমরা দাঁড়াবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের। তারা কতটুক প্রতিরোধ আমাদের করতে পারে করবে। কিন্তু আমরা গণভোটের গণরায় সংস্কার বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মারছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। গাড়ি বহরে হামলা— বিষয়টা এ রকম না।
তিনি আরও বলেন, কেউ আহত হয়েছে বলে আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button