নগরীতে মোবাইল ভাড়া দিয়ে শিক্ষার্থীদের গেম খেলায় আসক্তির অভিযোগ, পুলিশের অভিযানে নারী আটক

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে অভিনব কায়দায় প্রতি ঘন্টা ২০ টাকা চুক্তিতে নিজের মোবাইল ফোন ভাড়া দিতেন লাবনী ওরফে আসমা নামক এক নারী। আর শিশু শিক্ষার্থীরা স্কুল ফাকি দিয়ে ওই নারীর ঘরে গিয়ে মোবাইলে গেম ও টিকটক আসক্তিতে ব্যস্ত থাকতো। এমনই এক গুরুতর অভিযোগের ভিত্তিতে খুলনা সদরা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় নগরীর ২২ নং ওয়ার্ড স্কুল গলির বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ওই নারীর কঠোর শাস্তি দাবি করেছেন। তার বিরুদ্ধে জনৈক পাগলকে মারধর সহ নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। লাবনী ২২ নং ওয়ার্ড মহিলা দলের যুগ্ম সম্পাদক।
আটকের সত্যতা নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লাবনী নামের ওই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোবাইল ভাড়া দিয়ে বাচ্চাদের গেম খেলায় আসক্তির অভিযোগ রয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী খুলনা থানার এসআই মিয়ারব হোসেন বলেন, মুন্সিপাড়া এলাকায় অভিযান চলাকালীন ওই নারীকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে স্কুল শিক্ষার্থীদের কাছে ১০ টাকা, ২০ টাকায় মোবাইল ভাড়া দিয়ে গেম ও টিকটক খেলায় উদ্বুদ্ধ করতো বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় অভিভাবক সুলতানা রহমানসহ অন্যান্যরা অভিযোগ করেন, লাবনী স্থানীয় হানিফ মাদ্রাসার সামনে স্কুল গলির ভিতরে তার নিজস্ব ঘরে দীর্ঘদিন ধরে সে স্কুলের কোমলমতি বাচ্চাদের কাছে মোবাইল ভাড়া দিয়ে গেম খেলায় বদ্ধ রাখত। ফলে শিশু এবং শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে তার ঘরে গিয়ে মোবাইলের নেশায় পড়ে থাকত। এতে করে তাদের লেখাপড়া বাধাগ্রস্থ হচ্ছিল। এসব বিষয়ে একাধিকবার থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অভিভাবকরা।


