ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে নড়াইলে গ্রাহকদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান মোঃ খুরশীদ আলমের অপসারণ ও ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন রক্ষা সহ সকল প্রকার ষড়যন্ত্র বন্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় ব্যাংকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নড়াইলের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নড়াইল কমিটির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান। দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মোঃ জাফর আলী খান, মাওঃ শরিফুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, মাওঃ আবু তালেব, মোঃ রিয়াজুল ইসলাম, প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৪ মে সরকারের হস্তক্ষেপে ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হন এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তারা প্রত্যাখ্যান করেন। এই নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। মানববন্ধনে, গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। এছাড়াও গতকাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রাহকদের মানববন্ধনের সময় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।



