মেয়ে সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চেয়েছেন বাবা

প্রবাহ রিপোর্ট ঃ নিজের মেয়ে সন্তানের নিরাপত্তায় একটি শটগানের লাইসেন্স চেয়েছেন তানজিরুল ইসলাম সম্রাট নামের ফেনীর এক বাবা। লাইসেন্স চেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান সম্রাট। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ৩১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন সম্রাট। তাতে উল্লেখ করেন, তার ৭ বছর বয়সী একটি মেয়ে আছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি ও বিভিন্ন অনাকাক্সিক্ষত ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সম্রাটের ভাষ্য, একজন দায়িত্বশীল বাবা হিসেবে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্য একটি বৈধ অস্ত্র প্রয়োজন। অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলবেন বলে আবেদনে প্রতিশ্রুতি দেন সম্রাট। গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে। বিচারের দাবিতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও এলাকাবাসী রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে পালন করে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিও। এর মধ্যে সামনে আসে আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক সময়ের তথ্য। তাতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত চার মাসে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকা-ের শিকার অন্তত ১৭ শিশু।



