জাতীয় সংবাদ

বান্দরবান সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

প্রবাহ রিপোর্ট ঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত সংলগ্ন মরিঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সতনাইং তঞ্চঙ্গা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিম পাড়ার বাসিন্দা কিংহ্লা তঞ্চঙ্গার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সতনাইং তার বাবা-মায়ের সঙ্গে সীমান্ত সংলগ্ন একটি জুমক্ষেতে কাজ করতে যায়। দুপুরে তার বাবা জুমের ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের কাজ করছিলেন, এসময় সতনাইং খেলতে খেলতে একটি পরিত্যক্ত মর্টার শেল খুঁজে পায়। পরে মর্টার শেলটি নিয়ে খেলতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। বিস্ফোরণের সময় তার বাবা-মা কাছেই অবস্থান করছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, নিহত শিশুসহ তার পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। প্রায় চার থেকে পাঁচ বছর আগে তারা বাংলাদেশে এসে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় সরকারি খাস জমিতে বসবাস শুরু করেছিল। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা নামে এক শিশুর মৃত্যু হয়েছে, তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কাজ চলছে। নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান মর্টার শেল বিস্ফোরণে একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, ৩৯ নম্বর পিলার থেকে আরও ১০গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। মৃত শিশুর নাম পরিচয় ও বিস্তারিত জানতে প্রশাসন কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button