যুক্তরাষ্ট ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা

প্রবাহ ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানটিকে একটি ইরানি জাহাজে মার্কিন হামলার সরাসরি ‘প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি নৌবাহিনী। খবর ওয়ানা নিউজের। মঙ্গলবার (২ জুন) আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতি অনুযায়ী, এই প্রতিশোধমূলক অভিযানে ‘এমএসসি সারিস্কা’ নামের একটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে আইআরজিসি ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছে।
এর আগে ওমান সাগরে ইরানের পণ্যবাহী জাহাজ ‘লিয়ান স্টার’-এর ওপর হামলা চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। সেই ঘটনার জবাব দিতেই ইরান এই পাল্টা আঘাত হেনেছে।
আইআরজিসি নৌবাহিনী মার্কিন সামরিক বাহিনীকে একটি ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে তাদের কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এই অঞ্চলে শিশুহত্যাকারী মার্কিন সামরিক বাহিনীর যেকোনো পরবর্তী আগ্রাসনের মুখে একটি চূড়ান্ত ও চূর্ণ-বিচূর্ণকারী জবাব দেওয়া হবে।”



