নগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার মহানগরীতে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা কাজী আনিসুর রহমানের ছেলে।
নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে শুনতে পাই স্কুল ভিটার স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) পিযুষ দাশ জানান, সংবাদ জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে রাশেদের পরিচিতরা জাড়িত রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে তারা বাবা কাজী আনিসুর রহমান, মা রঞ্জুয়ারা বেগম, বড় ভাই রাইসুল ইসলাম, স্ত্রী ফাহিমাকে গুলি করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাবন্দি হয়েছিলেন। কারাগারে তার সঙ্গে একই ধরনের মামলায় বন্দি ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশিদ যাতায়াত শুরু করেন। আনুমানিক ছয়-সাত মাস আগে ইমরান আবারও এক মামলায় কারাগারে গেলে রাশিদ ইমরানের স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এর জেরে ওই হামলা হয়েছিল। এবং মঙ্গলবার রাশেদকে হত্যা করা হয়েছে।



