গণতন্ত্র ও উন্নয়নে শহীদ জিয়ার আদর্শ অনুসরণের বিকল্প নেই: শফিকুল আলম মনা

# দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল #
খবর বিজ্ঞপ্তি ঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনার দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, বরং সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি দেশে অবরুদ্ধ বহুদলীয় গণতন্ত্র পুনরুত্থানে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়।” তিনি আরও বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে শহীদ জিয়াউর রহমানের আদর্শ আজও সমধিক প্রাসঙ্গিক। দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অক্ষুণœ রাখতে তাঁর অনন্য আদর্শ ও কর্মধারা থেকে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে।” মহানগর বিএনপি সভাপতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জাতীয় স্বার্থ, গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন সুসংহত করতে আমাদের সবাইকে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে চলমান যেকোনো দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সর্বদা সজাগ, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবেও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এছাড়া দৌলতপুর থানা বিএনপি এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আরোগ্য লাভ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



